টাঙ্গাইলে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

অপরাধ টাঙ্গাইল সদর মানববন্ধন মিডিয়া সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক এন্ড নার্সিং হোমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধাদান ও হেনস্তার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ২৬ আগস্ট সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ), টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, সহ-প্রচার সম্পাদক শহিদুল ইসলাম টিটু ও সদস্য তানিয়া ইসলামকে পেশাগত দায়িত্ব পালনে বাধাদান ও হেনস্তার অভিযোগের প্রতিবাদ জানানো হয়।

এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। বক্তব্য রাখেন, সাংবাদিক কল্যাণ পরিষদ, টাঙ্গাইলের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, মৌবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক তাইজুল ইসলাম টুটুল প্রমুখ।

উল্লেখ্য, ২৫ আগস্ট (মঙ্গলবার) শহরের আকুর টাকুর পাড়া জেলা সদর রোডস্থ ‘ঢাকা ক্লিনিক’-এ এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। ঘটনার সূত্রে জানা যায়, স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীর হাত মোচড় দিয়ে ভেঙে ফেলার গুরুতর অভিযোগ ওঠে। ওই আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থা ও ঘটনার সত্যতা যাচাইয়ের অংশ হিসেবে গণমাধ্যমকর্মীরা ঢাকা ক্লিনিকে তথ্য ও সংবাদ সংগ্রহ করতে যান।

তথ্য সংগ্রহের একপর্যায়ে ক্লিনিক কর্তৃপক্ষ ও তাদের কর্মচারীরা সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেয় এবং হঠাৎ উগ্র হয়ে চড়াও হয়। একপর্যায়ে তারা সাংবাদিকদের শারীরিক লাঞ্ছনা ও মারধর করে ক্লিনিকের একটি কক্ষে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখে।এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। পরবর্তীতে ভুক্তভোগী সাংবাদিকরা হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সদর থানা পুলিশ জানায়, সাংবাদিকদের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *