
কালিহাতী প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রত্যেকেই যার যার জায়গা থেকে কাজ করলে দেশটা এগিয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি ‘এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস’এ এগিয়ে যেতে পারে এবং একজন ছাত্রের একাধিক পেশার সুযোগ থাকে সে জন্য ইতোমধ্যেই প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন।
শনিবার, ১ আগস্ট সকালে কালিহাতীতে ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিলের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী টুকু বলেন, বেগম খালেদা জিয়া প্রথমে প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। পরবর্তীতে ডিগ্রি পর্যন্তও গিয়েছে। বিভিন্নভাবে বৃত্তির সিস্টেমও কিন্তু আমরা চালু করেছি। কাজেই শিক্ষা ব্যবস্থাকে সার্বিক উন্নয়নের জন্য প্রাথমিক ধাপ থেকে শুরু করতে হবে। ধীরে ধীরে সব পর্যায়েই হবে।
তিনি আরও বলেন, কীভাবে প্রোটিনের চাহিদা মেকআপ করা যায় স্কুলগুলোতে। আমরা কীভাবে দিতে পারি, তা চিন্তা করেছি এবং পদক্ষেপ নিয়েছি।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকমণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
