
তোফাজ্জল হোসাইন, মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার লাউফুলা ও কাইতকাই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার, ২৮ জুলাই পরিচালিত এ অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি পৃথক মামলায় এ অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর তফসিলভুক্ত বিধান লঙ্ঘনের দায়ে উপজেলার কাইতকাই এলাকার সালাম অটো রাইস মিলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে লাউফুলা এলাকার আরিফ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা এবং একই এলাকার মানিক বেকারিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদায়কৃত মোট ১ লাখ ৬০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। অভিযানে মধুপুর থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
