টাঙ্গাইলে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর মধুপুর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার, ৭ জুলাই দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আ ন ম ইলিয়াস এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুরের কটারবাড়ী গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে আব্দুর রহিম, ময়মনসিংহের কামারিয়া গ্রামের মৃত মোকছেদের ছেলে শফিকুল ইসলাম শফি এবং একই এলাকার ময়েজ উদ্দিনের ছেলে শামসুল হক। রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ সরকারি কৌঁসুলি মো. ওমরাও খান দিপু রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২২ জুন বিয়ের পাত্রী দেখানোর প্রলোভনে ভুক্তভোগীকে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুরের দোখলা বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে এক আসামি এবং পরে অপর দুই আসামি সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় মধুপুর থানায় মামলা করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত।

একটি ধারায় প্রধান আসামি আব্দুর রহিমকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অপর দুই আসামি শফিকুল ইসলাম শফি এবং শামসুল হককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *