
নাগরপুর প্রতিনিধি: নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউবওয়েলের পানি পান করে অসুস্থ হওয়ার খবর পেয়ে হাসপাতালে যান টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
মঙ্গলবার রাতে তিনি নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অভিভাবকদের সান্ত্বনা দেন।
সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার সংবাদ পেয়ে আমি দ্রুত হাসপাতালে এসেছি। তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রশাসন কাজ করছে। পানির নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ শিক্ষার্থীদের অধিকাংশই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে। তবে গুরুতর অসুস্থ দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির, নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের একটি টিউবওয়েলের পানি পান করার পর অন্তত ৩২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসন সংশ্লিষ্ট টিউবওয়েলের পানির নমুনা সংগ্রহ করেছে।
