
দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের মেরিয়াঘোনা এলাকায় বজ্রপাতে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে আরো দুটি গবাদি পশুর মারা গেছে।
শুক্রবার, ৫ জুন দুপুরের দিকে এ ঘটনা ঘটে। দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বাবা-মেয়ে হচ্ছেন- দেলদুয়ার উপজেলা সদরের মাদারকোল গ্রামের মো. আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম (৩০) ও খালিদুলের মেয়ে খাদিজা আক্তার (৮)।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার খালিদুল স্ত্রী ও মেয়েকে নিয়ে শশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে যান। এদিন দুপুরে পার্শ্ববর্তী মেরুয়াঘোনা গ্রামে আরেক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশে যাত্রা পথে শাহধারীপাড়া নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশা থেকে নামার সময় বজ্রপাত হয়। সেখানে আকাশে মেঘ জমে বৃষ্টি শুরুর আগে ওই এলাকায় ঘন ঘন বজ্রপাত হতে থাকলে পরিবারের অন্য সদস্যরা সবাই আত্মীয়ের বাড়ির ভেতরে ঢুকে পড়েন। এ সময় সিএনজি চালিত অটোরিকশা থেকে বাবা-মেয়ে নেমে পাঁচ গজ এগিয়ে গেলে হঠাৎ তাদের উপর বজ্রপাত আঘাত হানে। এতে বাবা-মেয়ের আকস্মিক মৃত্যু হয়। তাদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ওই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী নিহতদের বাড়িতে ছুটে যান। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা দেন এবং গভীর সমবেদনা জানান।
দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জহুরা সুলতানা যূথি জানান, শুক্রবার দুপুরের পরে উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টিসহ বজ্রপাত হয়। এরই এক পর্যায়ে উপজেলার খালেদুল এবং তার মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, নিহত মেয়ে খাদিজা তার বাবা খালিদুলের কোলে ছিল। খাদিজা দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
