মির্জাপুরে প্রেমের টানে ছুটে এসেছেন চীনা যুবক!

বিনোদন মির্জাপুর লাইফ স্টাইল

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় প্রেমের টানে সুদূর চীন থেকে ছুটে এসেছেন চীনা নাগরিক ওয়াং ইউলাই (৩২)। উদ্দেশ্য প্রিয়তমা আনিকা আক্তারকে (২০) বিয়ে করে নতুন জীবন শুরু করা।

 

গত শনিবার মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পূর্বপাড়ার বাসিন্দা আলী হোসেনের মেয়ে আনিকা আক্তারের প্রেমের টানে ছুটে আসেন ওয়াং ইউলাই। তিনি চীনের রাংগুই প্রদেশের বাসিন্দা এবং পেশায় একজন স্কুলশিক্ষক।

 

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৭ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ওয়ার্ল্ড টক অ্যাপের মাধ্যমে ওয়াং ইউলাই ও আনিকা আক্তারের পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। দীর্ঘ ৭ মাস অনলাইনে যোগাযোগের পর এক মাসের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন চীনা এই যুবক।

ওয়াং ইউলাই বলেন, “আমি আনিকাকে ভালোবাসি। তাকে বিয়ে করে সুখে-শান্তিতে সংসার করতে চাই। বাংলাদেশে এসে তার পরিবারের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আমি বাংলাদেশের আইন অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণ করে আনিকাকে বিয়ে করতে চাই। বিয়ের পর তাকে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও বলেন, চীনা নাগরিক পরিচয়ে অনেক সময় কিছু প্রতারক বাংলাদেশিদের সঙ্গে প্রতারণা করে এবং মানবপাচারের মতো অপরাধে জড়ায়। তবে চীনের আইন খুবই কঠোর। আমি বৈধভাবে বিয়ে করে আনিকাকে নিজের দেশে নিয়ে যেতে চাই।

আনিকা আক্তার বলেন, অনলাইনে পরিচয়ের পর ধীরে ধীরে আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এখন আমরা বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে পরিণতি দিতে চাই।

চীনা যুবকের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। বিদেশি নাগরিককে এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আনিকার বাড়িতে ভিড় করেন।

পরিবারের সদস্যরা জানান, বর্তমানে এক মাসের ভিসায় বাংলাদেশে অবস্থান করছেন ওয়াং ইউলাই। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কিছুদিন শ্বশুরবাড়িতে থাকবেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে আনিকাকে চীনে নিয়ে যাবেন।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, চীনা নাগরিক, আনিকার পরিবারসহ তারা থানায় সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। চীনা নাগরিক তার পাসপোর্ট প্রদর্শন করেছেন। তাদের কোনো আইনগত সহযোগিতা প্রয়োজন হলে পুলিশের পক্ষ থেকে সহায়তা করা হবে।

উল্লেখ্য, গত ৩ মে মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে দুই যুবক নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর জেরার মুখে পড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *