
ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে ডাকাতির সরঞ্জামসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার, ৪ মে রাতে উপজেলার ঘাটান্দি নতুন পাড়া এলাকায় নজরুলের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গোপালপুর থানার ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দ-এর ছেলে রবিউল, ভূঞাপুর থানার কুকাদাইর গ্রামের গোলাম হোসেন-এর ছেলে মনির ওরফে ন্যাংড়া মনির, কালিহাতি থানার শামশৈল গ্রামের শামছুল হক-এর ছেলে শাহ আলম এবং একই গ্রামের আঃ আজিজ-এর ছেলে মাসুদ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা স্থানীয়ভাবে সংঘবদ্ধ ডাকাত হিসাবে পরিচিত।
বিষয়টি নিশ্চিত করে ভূঞাপর থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, গতকাল রাত ১০.৩০ ঘটিকার সময় ঘাটান্দি নতুনপাড়া জনৈক নজরুল ইসলামের বাড়ীর নিচতলায় গ্রেফতারকৃত ডাকাতরা ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে শলাপরামর্শ ও প্রস্তুতি গ্রহনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই মোঃ নজরুল ইসলাম ও এসআই রুবেল মিয়া ফোর্সের সহায়তায় তাদের আটক করতে সক্ষম হয়।
সেখানে এ সময় উপস্থিত থাকা অন্য ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেশে বিভিন্ন জেলার থানায় ৫/৭টি করে ডাকাতি, দস্যুতা ও চুরির মামলা রয়েছে।
তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ঘরের তালা গ্রীল কাটার জন্য ব্যবহৃত লোহার তৈরী কাটার, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি এবং ডাকাতি করার জন্য সুইচ গিয়ার চাকু ও চাপাতি উদ্ধার হয়।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।
