
মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলায় জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে মারধরের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২২ এপ্রিল বিকেল ৪টার দিকে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের শটিবাড়ী বাজার চৌরাস্তা মোড়ে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শত লোক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ষটিবাড়ী এলাকার মৃত আয়েনউদ্দিন তার ছোট ছেলে মজিবর রহমানকে কিছু জমি লিখে দেয়ার কারনে বড় ভাই মোঃ আজমত আলীর সাথে বিরোধ চলে আসছিল সেই বিরোধের জের ধরে ৬ এপ্রিল রাতে আজমত তার ছোট ভাই মজিবরকে বাড়ীতে ডেকে নিয়ে ঘরের ভিতর আটকিয়ে হাত পাঁ বেঁধে মুখে গামছা দিয়ে রাতভর মারপিট করে এতে মজিবর রহমানের সারা শরীর জখম হয় এবং একটি পা ভেঙে যায়। পরের দিন সকালে মজিবরের ডাকচিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্হলে গিয়ে জরুরী সেবা ৯৯৯ কল করলে পুলিশ তাকে উদ্ধার করে।
চিকিৎসার জন্য তাকে মধুপুর হাসপাতালে ভর্তির পর অবস্হা অবনতির কারনে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসা শেষে মজিবর রহমান বাড়ীতে এলে তার অবস্থার কথা শুনে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। এ পরিপ্রেক্ষিতে এলাকাবাসী বিবাদী আজমত আলী গংদের বিচারের দাবীতে মানববন্ধন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য লাল মিয়া, সামছুর রহমান স্বপন, জলিল মাহমুদ, আহতের স্ত্রী মামলার বাদী রুপালি বেগম, শফিকুল ইসলাম, হান্নান মিয়া, মনির হোসেন, আহত মজিবর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় তারা বলেন, পারিবারিক এই বিরোধ দ্রুত মীমাংসা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
