
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক ‘রিফ্রেশার্স প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২৯ মার্চ দুপুরে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বিআারটিএ টাঙ্গাইল সার্কেলের যৌথ উদ্যোগে শিশু একাডেমির হলরুমের এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে মোট ১৭৫ জন গাড়ি চালক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল পেশাদার চালকদের সড়ক আইন সম্পর্কে ধারণা আরও সুদৃঢ় করা এবং দুর্ঘটনা কমাতে বাস্তবভিত্তিক সচেতনতা বৃদ্ধি করা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সদর কার্যালয়ের পরিচালক (অডিট-ল’) যুগ্মসচিব রুবাইয়াৎ ই আশিক, বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহম্মেদ, মোটরযান পরিদর্শক এনামুল হক ইমন, সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম, ট্রাফিক পুলিশ পরিদর্শক হারুন অর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতা বৃদ্ধি ও নিয়মিত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিরাপদ গতি বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের রিফ্রেশার্স প্রশিক্ষণ চালকদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনবে এবং দীর্ঘমেয়াদে সড়ক দুর্ঘটনা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
