মধুপুর থানায় গিয়ে পুলিশ পরিচয়ে তদবির: সন্দেহজনক আচরণে ধরা

অপরাধ আইন আদালত দুর্নীতি মধুপুর

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে মামলার তদবির করতে এসে মিজানুর রহমান নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।

 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় মধুপুর থানায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে পুলিশের একটি ট্র্যাকসুট, সোল্ডার লাইট এবং ‘পুলিশ’ লেখা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।  আজ শুক্রবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।

 

গ্রেপ্তার মিজানুর রহমান কুড়িগ্রামের ভূরুঙ্গমারী উপজেলার বাগভান্ডার গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার পৌরশহরে ভাড়া বাসায় বাস করেন।

পুলিশ জানায়, দেলদুয়ার উপজেলার পাঁচ এলাসিন গ্রামের সাগর কর্মকারের সঙ্গে তাঁর ফুফার জমি নিয়ে বিরোধ রয়েছে। এ-সংক্রান্ত মামলায় বাদী সাগর কর্মকারের পক্ষে তদবির করতে বৃহস্পতিবার সন্ধ্যায় মধুপুর থানায় আসেন মিজানুর। তিনি নিজেকে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত এসআই পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করেন।

মধুপুর থানার উপপরিদর্শক মোঃ সেলিম মিয়া জানান, কথাবার্তার একপর্যায়ে তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে পরিচয় যাচাই করা হয়। পরে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। মামলার বাদী সাগর কর্মকারের কাছ থেকে ১৭ হাজার টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক বলেন, মিজানুর পেশাদার প্রতারক এবং পুলিশ পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ব্ল্যাকমেল করতেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম বলেন, কীভাবে পুলিশের ব্যবহৃত সরঞ্জাম তাঁর হাতে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *