
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের পৌর সুপার মার্কেট সংলগ্ন আজিজ প্লাজার ২য় তলায় কম্পিউটারের দোকানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
শুক্রবার, ৬ মার্চ বিকেল সাড়ে ৪টায় তিনি শহরের ভিক্টোরিয়া রোডের আজিজ প্লাজায় গিয়ে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত মার্কেট ঘুরে দেখেন। এ সময় আগুনে সর্বস্বান্ত হয়ে পড়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
এর আগে শুক্রবার, ৬ মার্চ সকাল ৯টার দিকে আজিজ প্লাজার ২য় তলায় একটি কম্পিউটারের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এস. এম. জাহিদুর রহমানের (৩০) মরদেহ বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। শুক্রবার, ৬ মার্চ বিকেল ৪টায় ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় জাহিদুর রহমানের বাড়িতে যান তিনি। এ সময় সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। মৃত জাহিদুরের মা ও স্ত্রীর আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। প্রতিমন্ত্রী তাদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী এবং টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব।
উল্লেখ্য, শুক্রবার, ৬ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর সড়কের সৈয়দপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এস. এম. জাহিদুর রহমান (৩০) নিহত হন। নিহত জাহিদুর টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার ইসকান্দার আলীর ছেলে।
