
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বিএনপি সরকারের মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী সকালে মন্ত্রীপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। ফকির মাহবুব আনাম স্বপন এমপির ঘনিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিপুল ভোটে জয়ী হন ফকির মাহবুব আনাম স্বপন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহেল কাফী পান ৯৪ হাজার ৪৬২ ভোট।
উল্লেখ্য, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার কারণে বহুবার হামলা-মামলা ও নির্যাতনের শিকার হন তিনি। ইতিপূর্বে তিনি কয়েকটি সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
