টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে ২৭জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আইন আদালত টাঙ্গাইল সদর নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৭ জন প্রার্থীর মধ্যে মোট ২৭ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনের ঘোষিত ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, এই ২৭ প্রার্থীর কেউই তাদের নিজ নিজ আসনে প্রদত্ত মোট ভোটের ন্যূনতম এক-অষ্টমাংশ (১২.৫ শতাংশ) ভোট পাননি।

শনিবার, ১৪ ফেব্রুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক ঘোষিত ফলাফল থেকে এই পরিসংখ্যান নিশ্চিত হওয়া গেছে।

 

ঘোষিত ফলাফলে দেখা গেছে, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ ইলিয়াস হোসেন, ইসলামী আন্দোলনের প্রার্থী হারুন অর রশীদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ও আসাদুল ইসলাম। তবে এ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী প্রতীক পাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ান।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে ২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনোয়ার হোসেন সাগর ও জাতীয় পার্টির প্রার্থী হুমায়ুন কবীর তালুকদার।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রেজাউল করিম।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- জাতীয় পার্টির প্রার্থী ইন্জিনিয়ার লিয়াকত আলী, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে সর্বোচ্চ ৭জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী এ কে এম শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার জাকির হোসেন, গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার বিথী, জাতীয় পার্টির মোজাম্মেল হক, গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) হাসরত খান ভাসানী এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জামানত হারিয়েছেন ৫জন প্রার্থী। তারা হলেন- জাতীয় পার্টির তারেক শামস খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আখিনুর মিয়া, জাতীয় পার্টির মোহাম্মদ মামুনুর রহিম, স্বতন্ত্র প্রার্থী মোঃ জুয়েল সরকার ও মুহাম্মদ আশরাফুল ইসলাম।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জামানত হারানো একমাত্র প্রার্থী হলেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির তোফাজ্জল হোসেন।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ৩জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আওয়ার মাহমুদ, আমজনতা দলের আলমগীর হোসেন এবং জাতীয় পার্টির নাজমুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *