টাঙ্গাইল-৮: কৃষক শ্রমিক জনতা লীগের নেতা দল ছেড়ে বিএনপি প্রার্থীকে সমর্থন

রাজনীতি সখিপুর সংগঠন

সখীপুর প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন দল থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।

গতকাল সোমবার রাতে তিনি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কাছে অব্যাহতির আবেদন করেন। রাত সাড়ে নয়টার দিকে ওই আবেদনপত্র নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন।

 

এর আগে কৃষক শ্রমিক জনতা লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়। এমন প্রেক্ষাপটে গত রোববার রাতে উপজেলার সিলিমপুরে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সানোয়ার হোসেন সখীপুর-বাসাইল আসনে তাঁকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন।

ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। কেউ কেউ তখন দাবি করেন, তিনি কৃষক শ্রমিক জনতা লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন।

তবে এসব দাবি নাকচ করে সানোয়ার হোসেন। গতকাল সোমবার রাতে বলেন, আমি কৃষক শ্রমিক জনতা লীগ থেকে অব্যাহতি নেওয়ার জন্য চিঠি দিয়েছি। কোথাও যোগদানের কোনো সিদ্ধান্ত নেইনি। আপাতত রাজনীতির বাইরে আছি।

তবে নির্বাচন প্রসঙ্গে সানোয়ার হোসেন বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীর দলের রাজনীতি করতাম। বিএনপিও একজন বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সে কারণে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে আমার জায়গা থেকে যতটুকু পারি, সমর্থন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *