
শেষ ওভারে ২২ রান দরকার ছিল রাজস্থান রয়্যালসের, হাতে ছিল মাত্র তিন উইকেট। ব্যাটিংয়ে ছিলেন শুভম দুবে ও জফরা আর্চার, আর বল করতে আসেন বৈভব অরোরা। প্রথম দুই বলে মাত্র তিন রান দেন বৈভব। এরপর নাটকীয়তা শুরু।
শেষ চার বলে দুবে হাঁকান ছক্কা, চার ও আরেকটি ছক্কা। শেষ বলে দরকার পড়ে তিন রানের। দুবে বলটা খেলেন স্ট্রেইটে, দুই রান নিলেও তৃতীয় রান নিতে গিয়ে রানআউট হয়ে যান আর্চার। এক রানের নাটকীয় জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
এই জয়ে শেষ চারে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখল কলকাতা। ১১ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। শীর্ষে রয়েছে বেঙ্গালুরু, ১৬ পয়েন্ট নিয়ে।
এর আগে কলকাতার হয়ে আন্দ্রে রাসেল ২২৮ স্ট্রাইকরেটে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। রাজস্থানের হয়ে রিয়ান পরাগ ৪৫ বলে ৯৫ রানের অসাধারণ ইনিংস খেললেও শেষ পর্যন্ত ম্যাচ বের করতে পারেননি। ষষ্ঠ উইকেটে হেটমায়ারের সঙ্গে ৯২ রানের রেকর্ড জুটিও বৃথা যায়।
