টাঙ্গাইলে গ্যাস বিস্ফোরণ হয়ে আওয়ামী লীগ অফিসের ব্যাপক ক্ষয়ক্ষতি!

টাঙ্গাইল সদর দুর্ঘটনা পরিবেশ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালন পাইপ ফেটে বিস্ফোরণ হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আশেপাশের কয়েকটি দোকান ও ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়। এতে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ অফিসের সকল আসবাবপত্র পুড়ে গেছে।

 

 

বুধবার (৫ জুন) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ডিসি অফিস থেকে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ও দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলমসহ নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, শহরের মেইন রোডে রাস্তা ও ড্রেনের কাজ চলমান রয়েছে। ঠিকাদারের অসচেতনার কারনে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের প্রধান পাইপ ফেটে যায়। এরপর প্রচন্ড বেগে গ্যাস আওয়ামী লীগের অফিসের দরজার নিচ দিয়ে ভিতরে প্রবেশ করে। অফিস বদ্ধ থাকায় গ্যাসের চাপে ৫টি এসি, ১৬টি ফ্যান, ২টি কম্পিউটার, চেয়ার-টেবিল ও আলমারিসহ অধিকাংশ মালামাল নষ্ট হয়ে গেছে।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম বলেন, রাস্তার উন্নয়ন কাজের সময় ভেকুর আঘাতে তিতাস গ্যাসের সঞ্চালন পাইপ ফেটে গ্যাস মেইন রোডে ছড়িয়ে যায়। বিভিন্ন ভবন ও আওয়ামী লীগ অফিসে প্রবেশ করে। গ্যাসের কারনে অফিসের মালামাল নষ্ট হয়ে গেছে। তিনি আরও বলেন, ব্যবহারের উপযোগী করতে অফিস সংস্কার করতে হবে। এর দায় ঠিকাদারকেই নিতে হবে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) বলেন, আমাদের অফিসের কম্পিউটার, এসি, চেয়ারসহ সকল কিছুই নষ্ট হয়ে গেছে। ফলে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।

টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মোমেন বলেন, গ্যাস বিস্ফোরণের ঘটনায় ঠিকাদারের ত্রুটি আছে কি না সেটা তদন্ত হবে। যদি ক্রটি পাওয়া যায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল তিতাস গ্যাসের ম্যানেজার প্রকৌশলী খোরশেদ আলম বলেন, গ্যাস লাইনের ত্রুটির কারনে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস এবং আমাদের টীম গিয়ে লাইন বন্ধ করে দেয়। এ বিষয়ে ডিসি অফিস থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *