সখীপুরে স্বাস্থ্য সহকারীর মৃত্যু, গলায় কাটার দাগে রহস্যজনক!

অপরাধ দুর্ঘটনা শোক সংবাদ সখিপুর স্বাস্থ্য

সখীপুর প্রতিনিধি: সখীপুরে আউয়াল শফী (৪৫) নামে এক স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে তার গলায় কাটার চিহ্ন দেখতে পাওয়ার দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এটি সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।

বুধবার, ২ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে পুকুরপাড় এলাকায় তাকে পড়ে থাকতে দেখা যায়।

 

নিহত আউয়াল শফী সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার বোয়ালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ছেলে।

স্থানীয়দের দাবি, সড়কে পড়ে থাকা অবস্থায় আউয়াল শফীকের গলায় কাটার দাগ দেখা যায়। এতে এটি সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড— তা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়।

নিহতের বোনজামাই সুজন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ট্রাকচাপায় আউয়াল শফীর মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে গলায় কাটার দাগ পাওয়ায় বিষয়টি রহস্যজনক হয়ে উঠেছে। তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি। এদিকে, ঘটনাটি সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *