
মধুপুর প্রতিনিধি: মধুপুরে ভ্রাম্যমাণ আদালত পঁচা-বাসি গরুর মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার, ৩১ মার্চ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলার হাটখোলা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৪০ কেজি পঁচা-বাসি গরুর মাংস জব্দ করে তা মাটিতে পুঁতে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত মাংস বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
