
গোপালপুর প্রতিনিধি: গোপালপুরে রাতের আঁধারে ৮টি ঘোড়া জবাই করে মাংস প্যাকেটজাত করার সময় গ্রামবাসিরা চার কসাইকে আটকের পর গণপিটুনির পর পুলিশে দিয়েছে। এ সময় ৪টি জীবিত ঘোড়া আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত কসাইরা হলো ঢাকার আশুলিয়ার তৈয়বপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আমিনুর, জামগড়ার জাহিদ হোসেনের ছেলে সুমন, সাভারের আবু তাহেরের ছেলে ফরহাদ এবং রংপুরের কাউনিয়ার জাহিদ হোসেনের ছেলে সুমন।
ধোপাকান্দি ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি এবং পঞ্চাশ গ্রামের বাসিন্দা ফারুখ হোসেন জানান, চরের ভিটা গ্রামের আমজাদ হোসেনের ছেলে হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে জামালপুর সদর উপজেলার তুলসিপুর হাটসহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে ঘোড়া কিনে বাড়িতে আনতো। আর ঘোড়া কেনাবেচার আড়ালে জবাই করা ঘোড়ার মাংস পাইকারি দরে ঢাকার গাজীপুর ও সাভারের বিভিন্ন মাকের্টে চালান দিতো।
গত সোমবার সন্ধ্যার পর ট্রাকে করে ১২টি কেনা ঘোড়া বাড়িতে নিয়ে আসে। এরপর আজ মঙ্গলবার ভোর রাতে বাড়ির নির্জন গোশালায় ৮টি ঘোড়া জবাই করে মাংস প্যাকেটজাত করে। এর মধ্যে দুটি ঘোড়ার পেটে বাচ্চা ছিল। অপর চারটি ঘোড়া জবাই করার প্রস্তুতি কালে গ্রামবাসিরা টের পেয়ে হাফিজুরের বাড়ি ঘেরাও দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পালের গোদা হাফিজুরসহ ৮জন দুবৃর্ত্ত পালিয়ে যায়। চারজনকে বিপুল মাংস এবং ৪টি জীবিত ঘোড়াসহ আটক করা হয়।
গোপালপুর থানা এসআই আব্বাস উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এরা সংঘবদ্ধ চক্র। জবাই করা মাংস গ্রামবাসির হাওলায় রাখা হয়েছে। আটক চার ঘোড়া থানা হেফাজতে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
