মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

ইতিহাস ও ঐতিহ্য টাঙ্গাইল সদর দিবস রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার, ১৭ নভেম্বর ভোর থেকে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে হাজারো মানুষের ঢল নামে।

 

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মানুষ স্মরণ করে মহান এই নেতাকে। তার অসংখ্য মুরিদান ও ভক্তদের কণ্ঠে যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী স্লোগানে মুখরিত হয়ে উঠে মজলুম জননেতার সমাধিস্থল টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাজার প্রাঙ্গণ। ফুলে ফুলে ঢেকে গেছে ভাসানীর মাজার। এছাড়া মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে মাজার প্রাঙ্গণে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘ভাসানী মেলা’র আজকে শেষদিন।

 

সকাল সাড়ে ৭টার দিকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্যদিয়ে কর্মসূচি উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। হাসরত খান ভাসানীর নেতৃত্বে ভাসানী পরিবার, আতাউর রহমান আজাদ ও কাজী জাকেরুল মওলার নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাব, ভাসানী বিশ্ববিদ্যালয় অফিসার্স ক্লাব এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে।

এছাড়াও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, জেলা বিএনপি, জামায়াত, কৃষক শ্রমিক জনতা লীগ, এনসিপি, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। প্রায় এক সপ্তাহ আগে থেকেই ভাসানীর ভক্ত-মুরিদানরা দেশের বিভিন্ন জায়গা থেকে সন্তোষে আসতে শুরু করেন।

এদিকে দিবসটি উপলক্ষে পূর্ববর্তী কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ১৫ নভেম্বর মাওলানা ভাসানীর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন ও জাতীয় জীবনে তার অবদান নিয়ে ‘মাওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের উদ্যোগে নির্মিত তাঁর জীবন ও কর্মভিত্তিক ২৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সপ্তাহব্যাপী ভাসানী মেলার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মওলানা ভাসানী। রাজনীতির প্রতিটি পর্যায়ে তিনি সাধারণ মানুষের অধিকার ও স্বার্থের পক্ষে সোচ্চার ছিলেন। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *