কালিহাতীতে খাদ্যবান্ধব কর্মসূচির ২৫ বস্তা চাল উদ্ধার: ডিলারসহ ৩ জনকে জরিমানা

অপরাধ অর্থনীতি আইন আদালত কালিহাতী দুর্নীতি

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলাতে খাদ্যবান্ধব কর্মসূচির ২৫ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলারসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

 

শনিবার, ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের পেছনে আনোয়ার হোসেনের ঘরে অভিযান চালায় কালিহাতী থানা পুলিশ। এ সময় ৫০ কেজি ওজনের ২৫ বস্তা চাল উদ্ধার করা হয়।

 

আটকরা হলেন- নারান্দিয়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার মামুনুর রশিদ, তার সহযোগী সাইফুল ইসলাম সোহেল এবং ঘরের মালিক আনোয়ার হোসেন।

স্থানীয়রা জানান, নারান্দিয়া ইউনিয়ন বাসস্ট্যান্ড এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন মামুনুর রশিদ। অভিযোগ রয়েছে, খাদ্যবান্ধব কর্মসূচির চাল ১৫ টাকা কেজি দরে গরিব মানুষের কাছে বিক্রি না করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল নারান্দিয়া ইউনিয়ন পরিষদের পেছনে আনোয়ার হোসেনের ঘরে গুদামজাত করে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজির ২৫ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় খাদ্যবান্ধব চালের ডিলারসহ তিনজনকে আটক করা হয়।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ অনুযায়ী আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং উদ্ধার করা চালগুলো জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *