
মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার গোলাবাড়ীতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং তা থেকে দূরে রাখার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মধুপুর থানা ও ৫ নম্বর গোলাবাড়ী ইউনিয়ন কমিউনিটি পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী নানা সচেতনতামূলক বার্তা সম্বলিত ব্যানার হাতে অংশ নেন।
কর্মসূচিতে গোলাবাড়ী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম আসাদ, এএসআই আব্দুল হান্নান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেয়র অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম, এবং গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হোসেন আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই মাদক প্রতিরোধে শুধু আইনি পদক্ষেপ নয়, পরিবার ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত করার ওপর জোর দেন তাঁরা। একই সাথে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
