মির্জাপুরে নদীর ওপর ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু, আহত ৪

অপরাধ দুর্ঘটনা মির্জাপুর শোক সংবাদ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর-থলপাড়া এলাকার বংশাই নদীতে এবং বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া এলাকায় পৃথক এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন হলেন শেরপুরের হাসমতের ছেলে জিকুল (১৮) ও রংপুরের সাজ্জাদ (১৮)। এ ছাড়া মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের নেপাল রাজবংশীর ছেলে সুশান্ত রাজবংশী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক নৌকায় মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ী ভ্রমণে আসেন। সেখান থেকে ফেরার পথে থলপাড়া এলাকায় নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে নৌকায় থাকা ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন, যাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জিকুল ও সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে একই রাতে বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া অংশের নদীতে মাছ ধরতে গিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে নিখোঁজ হন এক জেলে। পরদিন শুক্রবার সকালে ফায়ার সার্ভিসকর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।

মির্জাপুর থানার এসআই রাশেদ ফজল বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *