টাঙ্গাইলে কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন হৃদরোগে মৃত্যু

কৃষি টাঙ্গাইল সদর দুর্ঘটনা শোক সংবাদ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের ভাইরাল কৃষক কবির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার রাতে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এর আগে সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে তিনি নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঘারিন্দা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ কবিরুজ্জামান ডল।

 

কৃষক কবির হোসেনের পরিবারের সদস্যরা বলেন, কবির হোসেন সকাল থেকেই বুকের ব্যাথা অনুভব করছিলেন। পরে সকালে তিনি টাঙ্গাইলের স্থানীয় একটি ক্লিনিকে যান। সেখানে ইসিজি করার পর হার্টের সমস্যা ধরা পরে। পরবর্তী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি তাৎক্ষণিক ওষুধ খান। এসময় তিনি কিছুটা সুস্থতা অনুভব করলে নিজ বাড়িতে চলে আসেন। পরবর্তীতে সন্ধ্যায় তার আবারও বুকে ব্যাথা অনুভব হয়। এসময় তিনি স্থানীয় বাজার থেকে ওষুধ কিনে বাড়িতে আসা মাত্রই মাটিতে পড়ে যান। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিভিন্ন পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

চলতি বছরের ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কবির হোসেনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন মহলে তাকে নিয়ে নানা ধরনের প্রচারণা চালায়, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। পরবর্তীতে বিষয়টি নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তদন্ত করে। তদন্তে কবির হোসেনকে একজন প্রকৃত কৃষক হিসেবে শনাক্ত করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং নিজ জমিসহ বিভিন্ন কৃষি কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তদন্ত প্রতিবেদনের মাধ্যমে তার কৃষক পরিচয়ের সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে ঘিরে বিতর্কের অবসান ঘটে।

স্থানীয়রা জানান, কবির হোসেন ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সাদাসিধে একজন মানুষ। কৃষিকাজের পাশাপাশি তিনি এলাকার মানুষের কাছে একজন পরিচিত মুখ ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হওয়ার পরও তিনি স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রেখেছিলেন।

তার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। বুধবার সকাল ৮ টায় কবির হোসেনের জানাজা শেষে তার মরদেহ স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, হাসপাতালে আনার আগেই কৃষক কবির হোসেনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *