টাঙ্গাইল শিক্ষার্থীদের সাথে ভোক্তা অধিকার নিয়ে মতবিনিময় সভা

আইন আদালত টাঙ্গাইল সদর প্রতিষ্ঠান শিক্ষা সেমিনার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে শিক্ষার্থীদের সাথে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ১০ জুন দুপুরে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

 

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতারণা, ভেজাল পণ্য বিক্রি ও অতিরিক্ত মূল্য আদায়ের মতো ভোক্তা অধিকারবিরোধী অপরাধ দমনে আইনগত ব্যবস্থা রয়েছে। ক্ষতিগ্রস্ত ভোক্তারা লিখিত অভিযোগ দায়েরের মাধ্যমে প্রতিকার ও জরিমানার অর্থের একটি অংশ পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল এবং বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভোক্তা অধিকার বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তিন শিক্ষার্থী পুরস্কার অর্জন করেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইমন, ইভা ও আরাবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *