ঢাকা থেকে ঈদযাত্রার শুরুতেই অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

উৎসব কালিহাতী টাঙ্গাইল সদর পরিবেশ ভূঞাপুর

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। আর ঈদযাত্রার শুরুতেই ঢাকা-টাঙ্গাইল-সিরাজগঞ্জ মহাসড়ক দিয়ে যাতায়াতকারীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

 

সরেজমিনে রবিবার, ২৪ মে দেখা গেছে, অতিরিক্ত ভাড়া দিয়েই বাধ্য হয়ে বাড়ি ফিরছেন অনেকে। তবে এই মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও কোথাও যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও সেনাসদস্যরা নিরসলভাবে কাজ করে যাচ্ছেন।

 

মহাসড়কের এলেঙ্গা অংশে যাত্রী রফিকুল ইসলাম বলেন, ঈদ করতে বাড়িতে সিরাজগঞ্জ যাবো। ঈদ এলেই আমরা দুর্ভোগের শিকার হই। স্বাভাবিক সময়ের তুলনায় ঈদযাত্রায় গাড়ি ভাড়া অতিরিক্ত আদায় করা হয়।

তিনি আরো বলেন, ময়মনসিংহ থেকে এলেঙ্গা পর্যন্ত আসতে আমার কাছ থেকে সাড়ে ৭০০ টাকা নেওয়া হয়েছে। আবার এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত যেতে ভাড়া চাওয়া হচ্ছে সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকা। অন্য সময়ে আসতে খরচ হয় ২৫০ টাকা।

আরেক যাত্রী মাহবুবুর রহমান বলেন, বছরের অন্য সময় ঢাকা থেকে এলেঙ্গা পর্যন্ত আসতে ১৫০ টাকা ভাড়া লাগে। কিন্তু ঈদযাত্রার শুরু হতে না হতেই ভাড়া নেওয়া হচ্ছে ৪০০ টাকা। এলেঙ্গা থেকে মধুপুর যাওয়ার ভাড়াও চাওয়া হচ্ছে দ্বিগুণ। এতে আমাদের ভোগান্তির শেষ নেই। প্রতি ঈদে এমন বাড়তি ভাড়া নেওয়া হয়।

রংপুরের যাত্রী পলক সরকার বলেন, পরিবারের সাথে ঈদ করতে বাড়িতে যাচ্ছি। এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, তেমন বাস পাচ্ছি না। দুই একটি বাস পাওয়া যাচ্ছে, তাও ভাড়া চাচ্ছে দ্বিগুণ। সরকারকে এই ব্যাপারে নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি।

পুলিশ জানায়, রবিবার, ২৪ মে বিকেল থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। ওই সময় থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ফলে মহাসড়কের যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এদিকে, মহাসড়কে রোববার বিকেল থেকেই পুলিশ কাজ করছেন। আগের তুলনায় গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অনেকেই পরিবহনের জন্য মহাসড়কে অপেক্ষা করছে। আবার কেউ কেউ খোলা ট্রাক কিংবা পিকআপে করে বাড়িতে যাচ্ছে।

এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, আগের থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ বলেন, মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। ঈদের ছুটি শুরু থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কে ২৪ ঘণ্টায় পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছে।

রাজধানী ঢাকার সাথে সড়ক পথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগমাধ্যম এই মহাসড়ক। ঈদের সময় ঘরমুখো মানুষের যানবাহনের ভিড়ে এই মহাসড়কে সৃষ্টি হয় যানজটের। প্রতি বছর ঈদে এ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ যাতায়াত করেন, যা অন্যান্য সময়ের তুলনায় কয়েকগুণ বেশি। এ কারণে প্রতিবছর ঈদে সড়কটিতে যানবাহনের চাপে যানজট সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *