মধুপুরে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

অপরাধ আইন আদালত দুর্ঘটনা মধুপুর শোক সংবাদ

মধুপুর প্রতিনিধি: মধুপুরে নিখোঁজের একদিন পর ফাতেমা (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিহত ফাতেমা মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকীর ল্যাংড়া বাজার এলাকার বাসিন্দা এবং তার পিতা মোঃ আবু সামা। সে স্থানীয় মাদরাসার প্রথম স্তরের শিক্ষার্থী ছিল।

 

পরিবার সূত্রে জানা যায়, শনিবার আছর নামাজের পর থেকে ফাতেমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে তার নিখোঁজের বিজ্ঞপ্তি দেওয়া হয়।

পরে রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা বাগানে স্থানীয়রা ঘাস কাটতে গিয়ে তার মরদেহের সন্ধান পায়। পুলিশকে খবর দিলে বেলা সাড়ে ১২টার দিকে মধুপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহতের মামা জিন খান জানান, ফাতেমার কানে সোনার গহনা ও গলায় একটি রুপার মালা ছিল, যা লাশ উদ্ধারের সময় পাওয়া যায়নি। তার সন্দেহ, কোনো দুর্বৃত্ত শিশুটিকে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গহনা ছিনিয়ে নিয়ে হত্যা করে ভুট্টাক্ষেতে ফেলে রেখে গেছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার আগে অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *