
সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলার বড়চওনা এলাকার ‘মোটের পুকুর’ থেকে পাথরের তৈরি একটি মূর্তি উদ্ধার হয়েছে। বড়চওনা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর স্যারও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, প্রায় এক বছর আগে ভেকু দিয়ে পুকুরটি খনন করা হয় এবং পরে সেখানে মাছ চাষ শুরু করা হয়। রবিবার, ৮ মার্চ সারাদিন পুকুর সেচ দিয়ে মাছ ধরার সময় জালে হঠাৎ করে পাথরের একটি মূর্তি উঠে আসে। জেলেরা পুতুল ভেবে তা পুকুরপাড়ে ফেলে দেয়। পরে একটি শিশু খেলাধুলার সময় মূর্তিটি খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে যান। তার বাবা মূর্তিটি পরীক্ষা করে দেখেন যে এটি পাথরের তৈরি এবং একপাশে খোদাই করা মনসা দেবীর আকৃতির সাতটি সাপের মাথা রয়েছে।
বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, মূর্তিটি প্রাগৈতিহাসিক বা প্রাচীন আমলের হতে পারে।
খবর পেয়ে উপজেলা প্রশাসনকে জানানো হলে সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা রাত প্রায় ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি স্থানীয়দের কাছ থেকে মূর্তিটি জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক খান মুহাম্মদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, অবসরপ্রাপ্ত শিক্ষক আতিকুল হক ছমির, মিজানুর রহমান মিজান মেম্বারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা বলেন, মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে মূর্তিটির প্রকৃত ইতিহাস ও গুরুত্ব নির্ধারণ করা হবে।
