
নিজস্ব প্রতিবেদক: কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ, ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে আমরা সব সময উদার ভূমিকা পালন করে যাচ্ছি। কোন বিধিনিষেধ বা কোন বার নেই। আপনারাও আপনাদের জায়গা থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করবেন আশা করি।
তিনি বলেন, কৃষি ঋণ মওকুফের মাধ্যমে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা ঋণ মওকুফ করা হয়েছে। আগামী দিনে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। প্রান্তিক কৃষকদের সার, কীটনাশক, ওষুধ ও অন্যান্য কৃষি উপকরণ সহজলভ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় আমরা নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। বিএনপি সরকারের প্রতি আপনারা আস্থা রাখুন। তিনি আরো বলুন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং মুক্ত টাঙ্গাইল গড়ে তোলা। প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করেছে। এ ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান খান আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। নব নির্বাচিত কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন ক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
