সবার ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই- তথ্যপ্রযুক্তিমন্ত্রী মাহবুব আনাম

আইন আদালত টাঙ্গাইল সদর তথ্য ও প্রযুক্তি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান যুগে আইসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর। আইটি সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর অনেক পরিকল্পনা রয়েছে। আমরা অনেক জব ক্রিয়েট করতে চাই এবং সবার ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের নিদের্শনা দিয়েছেন বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এমনকি হাইস্পিড গাড়িগুলোতে ফ্রি ওয়াই ফাই ব্যবস্থা করার জন্য।

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভারয় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফকির মাহবুব আনাম এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পান তিনি। দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই ছিল তাঁর প্রথম সফর।

তথ্যপ্রযুক্তিমন্ত্রী মাহবুব আনাম বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন তিনটি বড় বড় টেকপার্কে কীভাবে বিনিয়োগ বাড়াতে হবে। আমরা চেষ্টা করছি, বিদেশ থেকে বিনিয়োগ আনার জন্য। আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। আমরা জনবান্ধব সরকার হতে চাই। তিনি বলেন, টাঙ্গাইলেও আমরা কিছু করতে চাই। জেলার প্রতিটি উপজেলায় আইসিটি পার্ক করার কথা চিন্তা করতে পারি।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ সরকারি দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *