টাঙ্গাইল সরকারি মহিলা কলেজে টাকার বিনিময়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা!

অপরাধ টাঙ্গাইল সদর দুর্নীতি প্রতিষ্ঠান শিক্ষা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সরকারি মহিলা কলেজে সরকারি নির্দেশনা অমান্য করে বন্ধের মধ্যেই এইচএসসির টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের টাকার বিনিময়ে আবারো পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার, ২৫ ফেব্রুয়ারি দুপুরে টাঙ্গাইল সরকারি মহিলা কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সে নির্দেশনা উপেক্ষা করে টাঙ্গাইল সরকারি মহিলা কলেজে রোজার মধ্যেই এইচএসসির টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় নেওয়া হচ্ছে পরীক্ষা। এসব শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ৪টি বিষয় কিংবা ৫টি বিষয়েও অকৃতকার্য রয়েছে বলে জানা যায়।

সরেজমিনে দেখা যায়, কলেজের বেশ কয়েকটি শ্রেণিকক্ষে বুধবার দুপুর পর্যন্ত পরীক্ষা চলছিল। সাংবাদিকদের উপস্থিতি দেখে কিছুটা হতভম্ব হয়ে যান দায়িত্বরত শিক্ষকরা।

কলেজ কর্তৃপক্ষ জানায়, টাঙ্গাইল সরকারি মহিলা কলেজে গত ২০ জানুয়ারি থেকে চলতি বছরের এইচএসসির টেস্ট পরীক্ষা শুরু হয়। এতে দ্বাদশ শ্রেণির মোট পরীক্ষার্থী ছিল ১১০১ জন। পরবর্তীতে ১৯ ফেব্রুয়ারি এর ফলাফল ঘোষণা করা হয়। এতে মোট ৪৯১ জন শিক্ষার্থী ফেল করে। এদের বেশিরভাগ শিক্ষার্থীই ইংরেজি, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি বিষয়ে অকৃতকার্য হয়েছে।

কলেজের একটি সূত্র জানায়, অকৃতকার্য এসব শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, আমাদের কাছ থেকে প্রতি বিষয়ে ১ হাজার টাকা করে নেওয়া হয়েছে। টাকাগুলো কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক শিক্ষকের কাছে দিয়েছি।

একজন শিক্ষার্থী আরো জানান, আমি ২ বিষয়ের জন্য টাকা জমা দিয়েছি। আমার মতো অনেকেই টাকা জমা দিয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ তাহমিনা জাহান বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের অনুরোধে কাউন্সিলের মিটিংয়ের মাধ্যমে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে পরীক্ষা নেওয়ার ব্যাপারে তিনি সদুত্তর দিতে পারেননি। এছাড়া তিনি টাকার বিষয়টিও অস্বীকার করেন।

এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লায়লা আঞ্জুমান বানু বলেন, বর্তমানে রমজান মাস উপলক্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধের মধ্যে পরীক্ষা নেওয়ার বিষয়টি আমাদের নলেজে নেই। বিষয়টি আমরা দেখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *