
সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় প্রতি বছরের মতো এবারও ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প।
শনিবার, ২১ ফেব্রুয়ারি সখীপুর উপজেলার হাতিবান্ধা গ্রামের তালিমঘরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)।
ক্যাম্পস এর সভাপতি ও কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ সামাদ এই ক্যাম্পের উদ্বোধন করেন। সখীপুর ছাড়াও আশপাশের উপজেলার প্রায় সাড়ে তিন হাজার রোগীর মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তাররা। এছাড়া, আয়োজকরা রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ ও প্রায় তিনশ’ রোগীকে চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্যে প্রাথমিকভাবে বাছাই করেন।
দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা উপলক্ষে সেখানে “স্বাস্থ্য সুরক্ষায় সুস্থ জীবনধারা” শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্যাম্পস-এর সভাপতি ও কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এম এ সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্তি সচিব খোন্দকার মোস্তান হোসেন, কুমুদিনী মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল অধ্যাপক আব্দুল হালিম, ক্যাম্পস এর নির্বাহী পরিচালক রেজওয়ান সালেহীন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ আওলাদ হোসেন, অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মদ আমিন শরীফ, পরিবহন অডিট অধিদপ্তরের পরিচালক আমিনুল এহসান কবির, ক্যাম্পস এর সহ-সভাপতি নাসরিন বেগমসসহ বরেণ্য ব্যক্তিবর্গ ।
এসময় অধ্যাপক ডাক্তার এম এ সামাদ বলেন, কিডনি রোগের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশে প্রায় তিন কোটি ৮০ লক্ষ লোক কোন না কোনভাবে কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রতি ঘন্টায় পাঁচজন লোক মৃত্যুবরণ করছে। সাধারণত ৭৫ ভাগ কিডনি নষ্ট হওয়ার আগে রোগীরা বুঝতেই পারে না যে সে কিডনি রোগে আক্রান্ত।
এছাড়া, ক্যাম্পস এর প্রকাশনা ‘প্রয়াস ২২’ এর মোড়ক উন্মোচন করা হয়। গত প্রায় দুই যুগ ধরে হাতিবান্ধা গ্রামে ক্যাম্পস ২১ ফেব্রুয়ারী ভাষা শহীদদের স্মরণে দুস্থ ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসার আয়োজন করে বলে জানান আয়োজকরা। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয়রা বিভিন্ন পসরা সাজিয়ে মেলার আয়োজন করে থাকেন।
