
বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের ১৩১ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বিজয়ী হয়েছেন।
বেসরকারি ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩০১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৯১০ ভোট। তাদের ভোটের ব্যবধান ৩৮ হাজার ৩৯১।
সখীপুর ও বাসাইল উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-৮ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬ হাজার ৬২৩ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। আসনটির ১৩১টি কেন্দ্রে দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটারেরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন সখীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল রনী।
নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সখীপুর-বাসাইলের সামাজিক, রাজনৈতিক পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখবেন। এছাড়া, দল মত ও বিরোধী পক্ষের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।
