গোপালপুরে তারেক খাঁনের উদ্যোগে মানবিক ঘর পেলেন দিনমজুর নাসির!

অর্থনীতি গোপালপুর পরিবেশ সংগঠন

গোপালপুর প্রতিনিধি: গোপালপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য তারিকুল ইসলাম খাঁন তারেক মানবেতর জীবনযাপন করা নাসির উদ্দিনের জন্য একটি ‘মানবিক ঘর’ নির্মাণ করে দিয়েছেন, যা এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

বুধবার, ৪ ফেব্রুয়ারি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে দোচালা টিনের ঘরটি আনুষ্ঠানিকভাবে চর-চতিলা ফারাজিপাড়ার নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করেন তিনি।

 

উপস্থিত ব্যক্তিবর্গ বলেন, সমাজের সচেতন মানুষ এগিয়ে এলে অসহায়দের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। মানবসেবা শুধু কর্তব্য নয়, মানুষের প্রতি ভালোবাসা ও মানবিকতার গভীরতম প্রকাশ।

দীর্ঘ ১২ বছর ধরে খোলা আকাশের নিচে বাঁশঝাড়ের পাশে বসবাস করে আসছেন নাসির উদ্দিন। এর আগে ‘তীব্র শীতেও খোলা আকাশের নিচে ঘুমায় নাসির’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান টিন ও আর্থিক সহায়তা দেন। পাশাপাশি প্রবাসী মো. শফিকুল ইসলাম চৌকি, মশারি, তোশক ও বালিশ উপহার দেন।

তারিকুল ইসলাম খাঁন তারেক বলেন, আমার কোন কিছু চাওয়া পাওয়ার নেই, মানবিক দিক বিবেচনা করে আমি নাসির ভাইকে ঘর নির্মাণ করে দিয়েছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন মানবিক কাজে সহযোগিতার পাশাপাশি নিজ উদ্যোগে বিভিন্ন স্থানে টিউবওয়েল স্থাপন করে দিয়েছি।

স্থানীয়দের মতে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সমাজে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং অন্যদেরও এমন কাজে উৎসাহিত করবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

মানসিক সমস্যায় আক্রান্ত দিনমজুর নাসির উদ্দিন নতুন ঘর পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *