টাঙ্গাইলে ৫ টাকায় মাংস-খিচুড়ি: নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী আয়োজন

টাঙ্গাইল সদর পরিবেশ লাইফ স্টাইল সংগঠন স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মাত্র ৫ টাকার বিনিময়ে কয়েকশত নিম্নআয়ের মানুষের মুখে দুপুরের খাবার তুলে দিয়েছে ‘সর্বদা নির্ভীক ফাউন্ডেশন’। যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একবেলা পেট ভরে খাওয়া দুষ্কর, তখন এ আয়োজনকে সবাই সাধুবাদ জানিয়েছে।

 

শুক্রবার, ১০ এপ্রিল জুমার নামাজ শেষে শহরের স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। ৫ টাকায় পেট ভরে মুরগির মাংস ও খিচুড়ি খেতে পেরে দিনমজুর ও ছিন্নমূল মানুষ খুশি।

 

আয়োজকরা জানান, দুপুর আড়াইটা থেকে খাবারের জন্য পাঁচ টাকার টোকন সংগ্রহ করে অপেক্ষা করতে থাকেন সুবিধাবঞ্চিত শিশু, রিকশাচালক, ভ্যানচালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষজন। মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেট ভরে মিক্স খিচুড়ি মুরগির মাংস খান তারা। এসময় প্রায় সাড়ে ৩শ’ মানুষকে খাবার বিতরণ করা হয়।

সরেজমিনে দেখা যায়, ৫ টাকায় দুপুরের খাবার জন্য প্রথমে টোকেন সংগ্রহ করছেন নিম্ন আয়ের মানুষজন। এছাড়া মধ্যবৃত্তদেরও খাবার সংগ্রহ করতে দেখা যায়। তবে বেশির ভাগ মানুষ রিকশাচালক, ভ্যানচালক, ভিক্ষুক ও ছিন্নমূল। তারা সুশৃঙ্খলভাবে খাবার সংগ্রহ করছেন।

খাবার নিতে আসা রিকশা চালক মো. রাসেল বলেন, রিকশা চালিয়ে আমরা দুপুরে ঠিক মতো খেতে পারি না। মাত্র ৫ টাকায় খাবার সংগ্রহ করলাম। এতো কম টাকায় এর আগে কখনোই খাবার পায়নি।

আরেক রিকশা চালক সামিউল বলেন, রিকশা চালিয়ে আমাদের সংসার চালানো খুবই কষ্টকর। অনেক সময় দুপুরে আমরা না খেয়ে থাকি। মাত্র ৫ টাকার বিনিময়ে রান্না করা খাবার পেয়ে আমরা খুশি।

আয়োজকরা জানায়, প্রতিমাসের দ্বিতীয় কিংবা তৃতীয় শুক্রবারের তারা ৫টার বিনিময়ে দুপুরের খাবার বিতরণ করেন। সংগঠনের বেশির ভাগই শিক্ষার্থী। প্রায় দেড় বছর ধরে তারা এ কার্যক্রম করছেন।

সংগঠনের সভাপতি শাহিন সরকার বলেন, এ খাবারকে কেউ যেন ফ্রি খাবার বা ভিক্ষাবৃত্তি মনে না করেন সেজন্য ৫ টাকা করে নেওয়া হয়। নিজ অর্থায়নেই আমরা নিম্ন আয়ের মানুষের মধ্যে খাবার বিতরণ করছি। প্রতি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় শুক্রবারে এ খাবার বিতরণ করা হয়ে থাকে। হতদরিদ্র মানুষদের খাবার আয়োজন করতে পেরে আমাদের খুব ভালো লাগে। তিনি বলেন, যে কেউ আমাদের এ কাজে সহযোগিতা করতে পারে। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।

খাবার বিতরণের সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দা তাসমো, সামিউল হাসান সাদি, সভাপতি শাহিন সরকার, সাধারণ সম্পাদক মারুফ শিকদার, আলোকিত জীবন ফাউন্ডেশনের ফাউন্ডার শাম্মী হুদা, লন্ডন প্রবাসী সংগ্রাম মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *