মির্জাপুরের আজগানায় সিসা ও কয়লা তৈরির কারখানা ধ্বংস

অপরাধ আইন আদালত পরিবেশ মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় অবৈধভাবে গড়ে তোলা সিসা ও কয়লা তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার, ৯ এপ্রিল বিকেলে উপজেলার আজগানা ইউনিয়নের পালের টেকি ও মহিষবাথান গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে কারখানা দুটি ভেকু মেশিন দিয়ে ধ্বংস করে দেয় উপজেলা প্রশাসন।

 

মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারেক আজিজ ভ্রাম্যমাণ আদালতের বিচারকের দায়িত্ব পালন করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল অফিসের উপপরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, হিসাব রক্ষক কর্মকর্তা সোহাগ তালুকদারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এলাকার প্রভাবশালী কয়েকজন ব্যক্তি উপজেলার আজগানা ইউনিয়নের পালের টেকি এলাকায় ব্যাটারী পুড়িয়ে সিসা এবং মহিষবাথান গ্রামে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা স্থাপন করেন। এই কারখানা দুটিতে সিসা ও কয়লা তৈরি করায় পরিবেশের মারাত্নক ক্ষতি করছিল।

এ খবর পেয়ে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর অফিস ও মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারেক আজিজের নেতৃত্বে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় কারখানা দুটির মালিক ও কর্মচারীরা পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের নির্দেশে ভেকু মেশিন দিয়ে কারখানা দুটি ধ্বংস করা হয় বলে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর অফিসের উপপরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর নিশ্চিত করেন।

অভিযানের সময় কারখানার মালিক বা স্বত্বাধিকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তারেক আজিজ বলেন, অবৈধভাবে সিসা কারখানা ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *