সখীপুরের মোশাররফ সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত

দুর্ঘটনা প্রবাস শোক সংবাদ সখিপুর

সখীপুর প্রতিনিধি: সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর নাম মোশারফ হোসেন (৩৮)। তিনি সখীপুর উপজেলার কীর্তনখোলা মধ্যপাড়া গ্রামের মো. সুজাত আলীর ছেলে।

গত রোববার বাংলাদেশ সময় রাত নয়টার দিকে সৌদি আরবের আল-খার্জ এলাকার একটি কম্পাউন্ডের আবাসিক ভবনে এ হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হামলার তথ্য জানিয়েছে। মোশারফ হোসেনের সঙ্গে কাজ করা ওই এলাকার লোকজন পরিবারকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরব যান মোশারফ হোসেন। দুই বছর আগে সর্বশেষ তিনি দেশে এসেছিলেন। মৃত্যুর আধা ঘণ্টা আগেও তিনি বড় ছেলে মাহিমের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন।

মোশারফের বড় ছেলে মাহিম (১৪) স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং ছোট ছেলে মিহান মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ে।

মাহিম জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে বাবার সঙ্গে তার ভিডিও কলে কথা হয়। তখন তার বাবা বলেছিলেন, ঈদের কাপড়চোপড় যা লাগে কিনে নিতে। তিনি পরে টাকা পাঠাবেন। কিন্তু এর আগেই ক্ষেপণাস্ত্র হামলায় তার বাবা নিহত হন।

মোশারফের স্ত্রী কবরী আক্তার বিলাপ করে বলেন, ‘এখন এই দুই সন্তান নিয়ে আমি কীভাবে চলব? আমাদের এখন কে দেখবে?’

মোশারফের বাবা সুজাত আলী বলেন, আমার ছেলেকে তো আর পাব না। এখন অন্তত তার লাশটা দেশে ফেরত চাই। যেন শেষবারের মতো তাকে দেখতে পারি।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রনী বলেন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *