কালিহাতীতে গভীর রাতে আগুনে পুড়লো স-মিল ও টিনের ঘর

অর্থনীতি কালিহাতী দুর্ঘটনা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের মরিচা বাজার এলাকায় একটি স-মিল ও পাশের টিনের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ৮ মার্চ দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, মরিচা বাজারে মোঃ হানিফ মিয়া (৪৮) এর মালিকানাধীন স-মিল ও সংলগ্ন দুচালা টিনের ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, খবর দেওয়া হলেও কালিহাতী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে ভোর প্রায় সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত স-মিল মালিক মোঃ হানিফ মিয়া এবং স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কারও সম্পৃক্ততা থাকতে পারে বলে তাদের সন্দেহ রয়েছে। আগুনে স-মিলের যন্ত্রপাতি, দুচালা টিনের ঘর এবং সিসি ক্যামেরাসহ প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হবে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *