আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম আর নেই

টাঙ্গাইল সদর বাসাইল রাজনীতি শোক সংবাদ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম আর নেই। শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, গত এক সপ্তাহের বেশি সময় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় জোয়াহেরুল ইসলামের পাশে ছিলেন তার স্ত্রী ও এক মেয়ে। স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন। অন্যদিকে তার অসুস্থতার খবর পেয়ে বিদেশ থেকে সম্প্রতি তার মেয়ে কলকাতার আসেন।

 

জানা গেছে, প্রয়াত এই সাবেক সংসদ সদস্যের দেহ বাংলাদেশে নিয়ে যেতে চায় তার পরিবার। দেশে নিজ গ্রামের বাড়ির মাটিতেই তার কবর দিতে চান। এজন্য বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। বাংলাদেশ সরকারের সবুজ সংকেত পেলে তবেই কলকাতা উপ-হাইকমিশন থেকে এনওসি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আশ্রয় নেন। তখন জোয়াহেরুল ইসলামও সেখানে চলে যান বলে জানা গেছে। অবশ্য বাংলাদেশ বা কলকাতায় তাকে কখনো প্রকাশ্যে দেখা যায়নি। তিনি কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরে তার স্ত্রী মেডিকেল ভিসায় ভারতে যান। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আইনজীবী জোয়াহেরুল ইসলাম। তিনি ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে বর্তমান সময় পর্যন্ত দায়িত্ব পালন করছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *