
কালিহাতী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে বিএনপির (ধানের শীষ) প্রতীকের প্রার্থী লুৎফর রহমান মতিনের কর্মীদের উপর স্বতন্ত্র (হাঁস) প্রতীকের প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিএনপির কর্মী-সমর্থকরা মিছিল ও কালিহাতী থানা গেট অবরোধ করে।
শনিবার, ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে। এতে স্থানীয় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
হামলায় আহতরা হলেন- নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নারান্দিয়া ইউনিয়ন ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল আজাদ, পালিমা গ্রামের নজরুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. কাজিম উদ্দিন কাজু ও মো. আব্দুল কুদ্দুস।
এ ঘটনার প্রতিবাদে ওই রাতেই কালিহাতী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি কালিহাতী থানা এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে তারা হামলার প্রতিবাদ এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিএনপির নেতাকর্মীরা জানান, রাতে লুহুরিয়া বাজার বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফর রহমান মতিনের কর্মীরা প্রচারণা ও লিফলেট বিতরণ করছিলেন। এ সময় তারা সেখানে বিএনপির অফিসে বসলে হঠাৎ করে স্বতন্ত্র (হাঁস) প্রতীকের প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর সমর্থকরা হামলা করেন।
এ ব্যাপারে বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন বলেন, বিষয়টি পুলিশকে জানিয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সব কার্যক্রম পরিচালনা করতে চাই। হামলার বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। আমরা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক চাই।
এ বিষয়ে স্বতন্ত্র (হাঁস) প্রতীকের প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী বা তার পক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এ এম তৌফিক আজম বলেন, হামলার ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
