মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে প্রশাসনের বন্ধের নির্দেশের পরও ‘মেসার্স সাইজুদ্দিন এন্ড খান ব্রিকস’ (এসকেবি) নামে একটি ইটভাটায় ইট পোড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযানের পরদিন থেকেই ভাটাটি আবার চালু করা হয় এবং সংশ্লিষ্ট সবাইকে ‘ম্যানেজ’ করেই অবৈধভাবে এ কার্যক্রম চালানো হচ্ছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরের ৬ জানুয়ারি মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় অবস্থিত মেসার্স সাইজুদ্দিন এন্ড খান ব্রিকসে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযান চালানো হয়। ওই সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. নওশাদ আলম ভাটার কিলন ভেঙে দেন, কাঁচা ইট ধ্বংস করেন, কার্যক্রম বন্ধের নির্দেশ দেন এবং ৫ লাখ টাকা জরিমানা করেন। তারপরেও সরেজমিনে ভাটাটির কার্যক্রম সচল থাকার প্রমাণ পাওয়া গেছে।
বন্ধের নির্দেশের পরও কীভাবে ভাটাটি চলছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ অভিযোগ করেন, এসকেবি ইটভাটার ধোঁয়ায় আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত ভাটাটির কারণে স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
থলপাড়া গ্রামের মনির হোসেন বলেন, জানুয়ারির অভিযানে জরিমানা ও বন্ধের নির্দেশ দেওয়া হলেও পরদিন থেকেই পুনরায় ইট পোড়ানোর কাজ শুরু হয়। কৃষি জমি ও পরিবেশ বাঁচাতে ভাটাটি স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানান তিনি।
ভাটার অংশীদার আতিকুর রহমান খান দাবি করেন, তাঁদের আদালতে রিট করা ছিল, তবে অভিযানের সময় কাগজপত্র সঙ্গে না থাকায় জরিমানা ও বন্ধের নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টে নতুন করে আবারও রিট করা হয়েছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে আতিকুর রহমান খান বলেন, ‘সবাই যেভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করেন, আমরাও সেভাবেই সবাইকে ম্যানেজ করে চালাই।’
তবে প্রশাসন ‘ম্যানেজ’ হওয়ার অভিযোগ নাকচ করে দিয়েছে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হলেও মালিকেরা সুযোগ বুঝে আবার কার্যক্রম শুরু করেন; বিষয়টি নজরে এলে নতুন করে ব্যবস্থা নেওয়া হয়।
টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল বলেন, অভিযানে ৫ লাখ টাকা জরিমানাসহ ভাটাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। এর পরও কার্যক্রম চলমান থাকলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের বৈধ কাগজপত্র না পাওয়া গেলে পরিবেশ আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।