ধনবাড়ী প্রতিনিধি: " কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধনবাড়ী উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধনবাড়ীর আয়োজনে ১৮ নভেম্বর বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান সহ অনান্য নেতৃবৃন্দ।
কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, প্রতি বছর বাংলাদেশকে কোটি কোটি টাকার ভোজ্য তেল আমদানি করতে হয়। আমরা নিজেরাই যদি সরিষার ফলন বৃদ্ধি করতে পারি তবে আমাদের বিপুল পরিমাণ টাকা ভোজ্য তেল আমদানির জন্য ব্যয় করতে হবে না। সরকার সরিষার ফলন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাত এর বীজ ও সার বিতরণ করে যাচ্ছে। আপনারা এসব বীজ ও সার এর সঠিক ব্যবহার নিশ্চিত করে সরিষার ফলন বৃদ্ধিতে ভূমিকা রাখবেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন।