নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, চীনাবাদাম ও খেসারি বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার, ১৭ নভেম্বর সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এম. এম. রাশেদুল হাসান। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পীযুষ মণ্ডলের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. ছাদরুল মিয়া।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান আহম্মেদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবীর এবং সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান প্রমুখ।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, রবি মৌসুমে তেল ও ডালজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার মোট ১৮ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ প্রণোদনা সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১৮ হাজার কৃষককে প্রতি বিঘা জমির জন্য ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এ ছাড়া চীনাবাদাম চাষের জন্য ৫০ জন কৃষককে প্রতি বিঘায় ১০ কেজি চীনাবাদাম বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং খেসারি চাষের জন্য আরও ৫০ জন কৃষককে প্রতি বিঘায় ৮ কেজি খেসারি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।
বক্তারা সরকারি এই কৃষি প্রণোদনা সঠিকভাবে কাজে লাগিয়ে ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।