মাভাবিপ্রবি প্রতিনিধি: পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার পিছপা হয়নি। অর্থনৈতিক নানা চাপের মধ্যেও সরকার শ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার, ১৭ নভেম্বর দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে জুনায়েদ সাকি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে করা অধ্যাদেশ অনুযায়ী তিন বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের বিধান রয়েছে। বর্তমান সরকার সেই বিধান গ্রহণ করেছে। তিন বছর পূর্ণ হওয়ার সময় আসায় মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিক প্রতিনিধি দেওয়ার পরদিনই মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, শ্রমিকরা তাদের মজুরির দাবিতে আন্দোলন করবেন, এটাই স্বাভাবিক। দেশে গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বেড়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতির অবনতির কারণে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এর মধ্যেও সরকার মজুরি বোর্ডের কার্যক্রম থেকে পিছিয়ে আসেনি। শ্রমিকরা তাদের দাবি জানাবেন, মালিকপক্ষও নিজেদের অবস্থান তুলে ধরবেন। আলোচনার মধ্য দিয়েই একটি মজুরি কাঠামো নির্ধারিত হবে।
জুনায়েদ সাকি বলেন, বাংলাদেশের শিল্প-কলকারখানার বিকাশের জন্য শ্রমজীবী মানুষের স্বার্থ নিশ্চিত করা জরুরি। শ্রমিকদের স্বার্থ রক্ষায় তাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে শ্রমিক আন্দোলনকারীদের সতর্ক থাকতে হবে। কোনো শক্তি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। অতীতে যেভাবে তারা উৎখাত হয়েছিল, আবারও এমন চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে।
এসময় তাঁর সাথে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।