ঘাটাইল প্রতিনিধি: মহাপবিত্র বিশ্ব উরস শরিফ ও বিশ্ব ইসলামী সম্মেলন-২০২৭ উপলক্ষে ঘাটাইল ও মধুপুর উপজেলার সীমান্তবর্তী ঐতিহাসিক গারোবাজারে বর্ণাঢ্য দাওয়াতি র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে জাকের পার্টি টাঙ্গাইল সাংগঠনিক পূর্ব জেলা ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি গারোবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জাকেরান ও ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচি চলাকালে মহাপবিত্র বিশ্ব উরস শরিফ ও বিশ্ব ইসলামী সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে দাওয়াতি প্রচারণা চালানো হয়।
আয়োজক সূত্রে জানা যায়, বিশ্বওলী হযরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কু. ছে. আ.)-এর মহাপবিত্র বিশ্ব উরস শরিফ ও বিশ্ব ইসলামী সম্মেলন আগামী ২৩, ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি ২০২৭ (শনিবার থেকে মঙ্গলবার) ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশিতে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিত হবে।
দাওয়াতি র্যালিতে উপস্থিত ছিলেন জাকের পার্টি টাঙ্গাইল সাংগঠনিক পূর্ব জেলার সভাপতি মো. আব্দুল আজিজ খান অটল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মধুপুর উপজেলা জাকের পার্টির সভাপতি জামাল সরকার এবং জাকের পার্টি ছাত্র ফ্রন্ট টাঙ্গাইল জেলা সভাপতি রমজান আলী। এ ছাড়া জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা জানান, বিশ্ব উরস শরিফ ও বিশ্ব ইসলামী সম্মেলনের দাওয়াত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এ র্যালির আয়োজন করা হয়েছে। তাঁরা দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লি, আশেকান ও জাকেরানদের এই ধর্মীয় মহাসম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান।