তোফাজ্জল হোসাইন, মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অর্থ বিভাগে প্রেরিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত বাস্তবায়ন করে সকল পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীদের পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মধুপুর উপজেলা শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বুধবার, ৪ নভেম্বর দুপুরে পল্লী সঞ্চয় ব্যাংক মধুপুর কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে পল্লী সঞ্চয় ব্যাংক, সিবিএ কেন্দ্রেীয় কমিটির সভাপতি এনামুল হক, পল্লী সঞ্চয় ব্যাংক মধুপুর শাখার ব্যবস্থাপক আরিফুল ইসলাম, জেলা কমিটির সম্পাদক খায়রুল কবির, টাঙ্গাইল জেলার সিবিএ সহ-সভাপতি মামুনুর রশিদ, টাঙ্গাইল জেলা কমিটির সিবিএ নেতা মোঃ শাহাদত হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাবেদ আলী, প্রচার সম্পাদক আক্তার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক লাইজু আক্তারসহ মধুপুর উপজেলা শাখার সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ অনেক আগেই একটি সুনির্দিষ্ট সাংগঠনিক কাঠামো তৈরি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে। দীর্ঘদিন অতিবাহিত হলেও সেই কাঠামোটি এখনও অনুমোদন পায়নি। এর ফলে ব্যাংকের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা অনিশ্চিত হয়ে পড়েছে।
বক্তারা অনতিবিলম্বে ব্যাংকের বৃহত্তর স্বার্থে এবং কর্মকর্তা-কর্মচারীদের অধিকার আদায়ে এই অর্গানোগ্রাম অনুমোদন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। তারা এই দাবি অতিসত্তর বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলেও হুশিয়ারী দেন। এমতাবস্থায় পরিচালনা পর্ষদ কর্তৃক প্রেরিত অর্গানোগ্রামটি বাস্তবায়ন করা ব্যাংকের জন্য অত্যন্ত জরুরি। সংশ্লিষ্টরা মনে করেন এটি বাস্তবায়ন করা হলে ব্যাংকের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।