নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পরিবেশ দূষণ রোধ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Helping Hand Foundation (HHF)-এর উদ্যোগে ‘Plastic Exchange Point 2.0’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর সোমবার সকালে স্থানীয় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কার্যক্রমটির মূল প্রতিপাদ্য ছিল “১০টি প্লাস্টিক = ১টি গাছ”। প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও বিনিময়ের ধারণাকে উৎসাহিত করা এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন-এর উপদেষ্টা মাহমুদুল হক সানু।
আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা শহীদুল ইসলাম সাদি, উপদেষ্টা মীর সায়মন ও সংগঠনের সভাপতি রাহাত ইসলাম শ্রাবণ।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং তরুণদের পরিবেশ সংরক্ষণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রচেষ্টা নেওয়া হয়। HHF Tangail বিশ্বাস করে, পরিবেশ রক্ষায় প্রত্যেকের ছোট ছোট উদ্যোগ সম্মিলিতভাবে একটি পরিচ্ছন্ন ও সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংগঠনটি ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রাখে।