নিজস্ব প্রতিবেদক: ‘টাকা আসে, ভবিষ্যৎ গড়ে’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে প্রথমবারের মতো রেমিট্যান্স উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর দিনব্যাপী টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ মেলার আয়োজন করা হয়। এতে প্রবাসী পরিবারের সদস্য, স্থানীয় নারী উদ্যোক্তা ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী এবং ইউএনসিডিএফ-এর কান্ট্রি প্রজেক্ট ম্যানেজার সাদাত মাইনউদ্দিন। ব্যুরো বাংলাদেশের টাঙ্গাইলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের সহকারী পরিচালক আনোয়ার হোসেন, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, রেমিট্যান্স শুধু একটি পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে না, বরং এর সঠিক ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে দেশ ও সমাজের সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা প্রবাসীদের কষ্টার্জিত অর্থ কেবল দৈনন্দিন খরচে সীমাবদ্ধ না রেখে টেকসই বিনিয়োগ ও সঞ্চয়ে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্থিক সাক্ষরতা বিষয়ক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া দর্শকদের সচেতনতা বৃদ্ধির জন্য ‘স্মার্ট সেভিংস চ্যালেঞ্জ’, প্রবাসীদের সম্মাননা প্রদান, পুতুল নাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হয়। সমাপনী পর্বে অংশগ্রহণকারী অংশীজন ও প্রবাসীদের বিশেষ স্মারক প্রদান করা হয়। মেলায় বিভিন্ন সংস্থার প্রায় অর্ধশত স্টল অংশ নেয়। এসব স্টলে স্থানীয় নারী উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শন করেন।