নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ছেলের সুন্নাতে খতনা উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে সাড়ে তিন হাজার মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীকে খাওয়ালেন।
শুক্রবার, ৭ আগস্ট দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ধুলেরচর, বেবিস্ট্যান্ড, বাজিতপুর এবং তারুটিয়া গ্রামের চারটি মাদরাসা ও এতিমখানায় এই খাবারের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী ঢাকা থেকে এসে ঘারিন্দা ইউনিয়নের তারুটিয়া গ্রামের জামিয়া আল-হেরা মসজিদে জুমার নামাজ আদায় করেন।
নামাজের আগে তিনি বলেন, ইসলামের বিধান অনুযায়ী খতনা উপলক্ষে অতিরিক্ত জাঁকজমক এড়াতেই তিনি এতিম ও সাধারণ শিক্ষার্থীদের মুখে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জুমার নামাজ শেষে প্রতিমন্ত্রী নিজেই মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে বসে দুপুরের খাবার গ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের জন্য গরুর মাংস, ডাল ও দই পরিবেশন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমার একমাত্র ছেলে গুলশানের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে। স্কুল হলেও সেখানে ইসলামি শিক্ষার ব্যবস্থা রয়েছে। এ বছরই সে হেফজ পড়া শুরু করেছে। সম্প্রতি তার খতনা করিয়েছি। ইসলামে খতনা উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করার কথা বলা হয়েছে। তাই আজকের দিনে চারটি মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করেছি। আমিও আজ আপনাদের সঙ্গে বসে খাব।’
এ সময় তিনি তার ছেলে ও পরিবারের সদস্যদের জন্য মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহিল কাফিসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা। প্রতিমন্ত্রীর এই উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।